দুর্নীতি, সন্ত্রাস ও গুপ্ত হত্যার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন। বর্তমান সরকার সন্ত্রাস, দুর্নীতি ও গুপ্ত হত্যাকারীদের প্রশ্রয় আগেও দেয়নি, এখনো দিবে না।'
শুক্রবার ঈশ্বরদীর সব ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধি ও এলাকাবাসী আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। খবর বাসসের।
তিনি বলেন, বাংলাদেশকে উন্নত দেশ হিসাবে গড়ার লক্ষ্য নিয়ে শেখ হাসিনার সরকার অভূতপূর্ব সফলতা দেখাচ্ছে। প্রধানমন্ত্রী ২০২১ সালের প্রতিশ্রুতি দেশকে মধ্যম আয়ের দেশে বাস্তবায়ন করা; শেখ হাসিনা সুদৃঢ়ভাবে সেই কাজটি করে যাচ্ছেন।
এ সময়ে তিনি সরকারের ২০২১ সালের মধ্যম আয়ের বাংলাদেশের প্রতিশ্রুতি পূরণ ও ২০৪১ সালের উন্নত বাংলাদেশের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে ঈশ্বরদীর উপজেলার সব ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও সর্বস্তরের হাজার হাজার জনগণ উপস্থিত ছিলেন।