বাগেরহাটে বিসিআইসির ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা

 
বাগেরহাটে কৃষকের জন্য উত্তোলন করা সার কালোবাজারে বিক্রির অভিযোগে মেসার্স রাব্বি এন্টারপ্রাইজ নামের বিসিআইসির এক ডিলারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কৃষি বিভাগ। শুক্রবার দুপুরে বাগেরহাট মডেল থানায় সদর উপজেলা কৃষি কর্মকর্তা মহাদেব চন্দ্র সানা বাদী হয়ে ডিলার বেগ মাহাফুজুর রহমান বাদলকে আসামি করে এ মামলা দায়ের করেন। তবে পুলিশ ওই ডিলারকে গ্রেফতার করতে পারেনি। 
 
পুলিশ জানায়, বাংলাদেশ কেমিক্যাল ইন্ড্রাষ্টিজ করপোরেশন (বিসিআইসি) ডিলার বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর বাজারের মেসার্স রাব্বি এন্টারপ্রাইজের মালিক বেগ মাহাফুজুর রহমান বাদলের নামে দুই দফায় ৮ জুন ১২ মেট্রিক টন ইউরিয়া, ৮ মেট্রিক টন টিএসপি ও ৮ মেট্রিক টন ডিএপিসার এবং ২৫ জুন ১২ মেট্রিক টন ইউরিয়া, ৪ মেট্রিক টন টিএসপি ও ৪ মেট্রিক টন ডিএপি সার বরাদ্দ দেয়া হয়। 
 
বৃহস্পতিবার বিকালে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মহাদেব চন্দ্র সানা সরেজমিনে ডিলারের গুদাম পরিদর্শনে যান। সেখানে গিয়ে উত্তোলন করা সার দেখতে না পেয়ে ডিলারের কাছে হিসাব চান। এ সময় ওই ডিলার বরাদ্ধকৃত উত্তোলন করা সারের হিসাব দিতে পারেননি। 
 
বাগেরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা মহাদেব চন্দ্র সানা বলেন, মেসার্স রাব্বি এন্টারপ্রাইজের মালিক বেগ মাহাফুজুর রহমান বাদল সার উত্তোলন করে নীতিমালা মেনে কৃষকের কাছে বিক্রি না করে বেশি লাভের আশায় কালোবাজারে বিক্রি করে দিয়েছেন। এজন্য তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।  
 
বাগেরহাট মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, সারের বিক্রির নীতিমালা ভঙ্গ করার অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১) ধারা ও সার ব্যবস্থাপনা ২০০৬ সালের ১২ (৩) এর ধারায় মামলা দায়ের করা হয়েছে।