ঝিনাইদহে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ ১টি পিস্তল, ৩ রাউন্ড গুলি, একটি ছুরি, ৩টি রামদা ও একটি চাপাতি উদ্ধার করেছে।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উত্তর কাস্টসাগরা গ্রামের রাধামদন মঠের একটু দূরে মধুপুর কবরস্থানের পাশে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর থানা পুলিশের ওসি হাসান হাফিজুর রহমান জানান, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ওই এলাকায় পুলিশ টহল দিচ্ছিল। পুলিশের টহল যানটি ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী ইউনিয়নের মধুপুর কবরস্থানের কাছে পৌঁছলে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পরে আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছোড়ে। এসময় অজ্ঞাত এক যুবক নিহত হন।
'বন্দুকযুদ্ধে' পুলিশের দুই কনস্টেবল আরিফ ও সামান্ত কুমার আহত হয়েছেন এবং তাদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলে দাবি করেছে পুলিশ।