মেহেরপুর সদর উপজেলার সোনাপুর গ্রামের ভুসিমাল ব্যবসায়ী ইউনুস আলিকে অপহরণের ছয় ঘণ্টা পর মুক্তিপণের বিনিময়ে সন্ত্রাসীদের জিম্মিদশা থেকে উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার রাত নয়টার দিকে সোনাপুর নিজ বাড়ির পার্শ্ববর্তী রাস্তা থেকে ব্যবসায়ী ইউনুস আলিকে ১০/১২ জন অস্ত্রধারী সন্ত্রাসী অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। তাকে গ্রামের মাঝের মাঠে নিয়ে জিম্মি করে শারীরিক নির্যাতন চালায় এবং প্রতিবেশীর মোবাইলে অপহরণের খবর নিশ্চিত করে আট লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় অপহৃতকে গলা কেটে হত্যার হুমকি দেয়া হয়। পরে শনিবার ভোর তিনটার দিকে তিন লাখ টাকা মুক্তিপণ দিয়ে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।
মেহেরপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান বলেন, ‘খবর পেয়েই পুলিশের একটি দল অপহৃতকে উদ্ধারে অভিযান চালায়। কিন্তু এর আগেই অপহরণকারীদের সঙ্গে সমঝোতা করে পরিবার মুক্তিপণ দিয়ে তাকে উদ্ধার করে।’