রাজশাহীতে মলম পার্টির খপ্পড়ে পড়ে সর্বস্ব খুইয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ৬ নির্মাণ শ্রমিক। শুক্রবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে তারা মলম পার্টির খপ্পড়ে পড়েন। অজ্ঞান অবস্থায় তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের নাম জানা যায়নি। তবে তারা চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে।
রাজশাহীর রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, শুক্রবার রাতে ওই ৬ শ্রমিক ঢাকা থেকে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। ভোরে তারা ওই ট্রাকের মলম পার্টির খপ্পড়ে পড়েন। মলম পার্টির সদস্যরা টাকা-পয়সা লুটে নিয়ে রাজশাহীর বহরমপুর এলাকায় তাদের নামিয়ে দিয়ে পালিয়ে যায়। সকালে স্থানীয়রা তাদের অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাদের রামেক হাসপাতালে ভর্তি করে।
রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই এনামুল হক জানান, ওই ৬ শ্রমিক হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।