দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্ত এলাকায় অস্ত্র-গুলি, বিস্ফোরকদ্রব্য, ককটেল, চাইনিজ কুড়াল ও ভারতীয় রুপি জব্দ করা হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে তিনজনকে আটক করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ।
বিজিবি জয়পুরহাট ৩ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর এম আশরাফ আলী বলেন, ‘বৃহস্পতিবার বিকালে রংপুরের বাসিন্দা পরিচয়ে অপু শেখ (২৮), চৈতন্য শেখ (৩০) নামে দুই ব্যক্তি সীমান্তের সিপি রোডস্থ হিলি আবাসিক হোটেলের ৯নং কক্ষ ভাড়া নেন। এরপর তারা ওই আবাসিক হোটেলের বাথরুমে কাপড়ের একটি কালো ব্যাগ রেখে সন্ধ্যা ছয়টায় ইফতারের কথা বলে বাইরে বের হন।’
‘এরপর হোটেলের বাথরুমে নাশকতার উদ্দেশে অস্ত্র-গুলি, বিস্ফোরকদ্রব্য ও ককটেলসহ বোমা সদৃশ্য কিছু বস্তু মজুদ করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আটটার দিকে ওই আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। অভিযানে সেখান থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, আটটি তাজা ককটেল, এক কেজি গান পাউডার, দুটি চাপাতি, চারটি চাইনিজ কুড়াল, ৫০ হাজার ভারতীয় রুপি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এর পরপরই বাংলা হিলি বাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বগুড়ার শেরপুরের শুভ (২৪), বগুড়ার গোবিন্দ (২৩) এবং হিলির রেল কলোনীর লিটনকে (২৫)আটক করা হয়। তবে হোটেল কক্ষ ভাড়া নেয়া দুইজনের আর কোনো সন্ধান পাওয়া যায়নি।’