লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এরা হলেন, মা এবং তার দুই শিশু সন্তান।
শনিবার দুপুরে উপজেলার উত্তর দলগ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার উত্তর দলগ্রাম এলাকার ভ্যান চালক আব্দুল গফুর মিয়ার বাক প্রতিবন্ধী স্ত্রী পারুল আক্তার (৩৪), তার একমাত্র ছেলে রানা মিয়া (১২) ও ছোট মেয়ে ঋতুমনি (৩)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উত্তর দলগ্রাম এলাকার বাবলু মিয়া নিজ প্রয়োজনে বিলের উপর দিয়ে বাঁশের খুঁটিতে তার টেনে বিদ্যুতের অবৈধ সংযোগ নেন। কয়েক দিন আগে ওই লাইনের তার ছিঁড়ে বিলের পানিতে পড়ে। স্থানীয়রা ছিঁড়ে যাওয়া তারটি সরাতে অনুরোধ জানালেও এতে কান দেননি বাবলু মিয়া। শনিবার দুপুরে রানা মিয়া তার বন্ধু সোহেলসহ বাড়ির পাশের ওই বিলে মাছ ধরতে যায়। এ সময় ওই বিলে নামতেই বিদ্যুত স্পৃষ্ট হয় রানা। বন্ধুর এ অবস্থা দেখে সোহেল দ্রুত রানার মা প্রতিবন্ধী পারুলকে এ খবর জানালে তিনি ছোট মেয়ে ঋতুমনিকে কোলে নিয়ে রানাকে উদ্ধারের চেষ্টা চালায়। এতে ঘটনাস্থলে তারাও মারা যায়। স্থানীয়দের খবরে পুলিশ তিনজনের লাশ উদ্ধার করা হয়। তবে বাবলু মিয়া এখনো গ্রেফতার হয়নি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সেই সঙ্গে অভিযুক্তদের গ্রেফতারেও চেষ্টা চলছে।