সেমিতে ওঠার লড়াইয়ে মাঠে নামছে জার্মানি-ইতালি

ইউরোর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে শিরোপার দুই দাবিদার জার্মানি ও ইতালি। শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। কাগজে-কলমে জার্মানিকে কিছুটা এগিয়ে থাকলেও ইউরোতে ইতালির রেকর্ড দারুণ।
 
গত আসরের সেমিতে জার্মানিকে হারিয়েই ফাইনালে উঠেছিল ইতালি। এবার জার্মানির জন্য এটি হতে যাচ্ছে প্রতিশোধের ম্যাচ। অন্যদিকে ইতালির লক্ষ্য গতবারের পুনরাবৃত্তি ঘটানো। তবে এখন পর্যন্ত  কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে ইতালিকে হারাতে পারেনি জার্মানি।
 
ইউরোতে এখন পর্যন্ত ৪ ম্যাচে মাত্র ১ গোল হজম করেছে আজ্জুরিরা। তবে জার্মানদের বিপক্ষে সেরা দল গড়তে গিয়ে সমস্যাতেই পড়েছেন ইতালি কোচ আন্তোনিও কন্তে। ডিফেন্ডার ড্যানিয়েল ডি রোসি ইনজুরির জন্য খেলতে পারবেন না।
 
কার্ড সমস্যার জন্য পাবেন না থিয়াগো মোত্তাকে। উইঙ্গার আন্তোনিও কাভেন্দ্রাও রয়েছেন ইনজুরিতে। তার খেলাও অনিশ্চিত।
 
কন্তে বলেন, ‘কোনও ফুটবলারের না থাকাটা কখনই অজুহাত হতে পারে না। আমাদের ২৩ জনই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। ইতোমধ্যেই আমরা বেশ কিছু পাহাড়ে উঠেছি। কিন্তু এখন আমরা এভারেস্টের (জার্মানি) সামনে দাঁড়িয়ে। ওটাও জয় করতে চাই।’
 
ইতিহাসও ইতালির পক্ষে। ১৯৮২ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ইতালির কাছে ৩-১ গোলে হেরেছিল জার্মানরা। ১৯৭০ সালের সেমিতে হেরেছিল ৪-৩ গোলের ব্যবধানে। সবচেয়ে বেশি কষ্টদায়ক ছিল ২০০৬ বিশ্বকাপ। সেবার নিজেদের মাটিতে সেমিতে হেরেছিল ২-০ গোলের ব্যবধানে। সর্বশেষ ২০১২ ইউরোর সেমিতে বালোতেল্লির জোড়া গোলে হেরেছিল ২-০ ব্যবধানে।