গুলশানে জিম্মি সংকট: ভারতীয় তরুণী নিহত

গুলশানের ক্যাফেতে জঙ্গি হামলায় এক ভারতীয় তরুণী নিহত হয়েছেন বলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন। নিহত ওই তরুণীর নাম তারুশি।
 
এক টুইটার বার্তায় তিনি বলেন, 'আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, ঢাকায় জঙ্গিদের হাতে জিম্মি ভারতীয় তরুণী তারুশি নিহত হয়েছে।'
 
শুক্রবার রাত পৌনে ৯টার দিকে 'আল্লাহু আকবর' বলে এক দল জঙ্গি গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কে হলি আর্টিজান বেকারি ও এর দোতলায় অবস্থিত 'ও' কিচেনে হামলা চালিয়ে উপস্থিত দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করে।
 
সকালে কমান্ডো অভিযানে ওই রেস্তোরাঁটি থেকে ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়, যাদের সবাই বিদেশি নাগরিক। রাতেই এদের হত্যা করা হয় বলে জানানো হয়েছে। এছাড়া ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। কমান্ডো অভিযানে হামলাকারী ছয় জঙ্গি নিহত হয়েছে।