গুলশানে হামলার প্রতিবাদে খুলনায় আওয়ামী লীগ ও জেপির সমাবেশ

রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি ও এর দোতলায় অবস্থিত ‘ও’ কিচেনে বন্দুকধারীদের গুলিতে হতাহতের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে খুলনায় মহানগর আওয়ামী লীগ ও জাতীয় পার্টি-জেপি প্রতিবাদ সমাবেশ করেছে।
 
শনিবার দুপুরে মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা রজব আলী সরদার, জেড এ মাহমুদ ডন, মফিদুল ইসলাম টুটুল, মো. শাহাজাদা, সাইফুল ইসলাম, রনজিত কুমার ঘোষ, সরদার আনিসুর রহমান পপলু, মনিরুজ্জামান সাগর, তারিক মাহমুদ তারা প্রমুখ। এর আগে বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
 
মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক মিজানুর রহমান মিজান এমপি বলেন, বাংলাদেশের মানুষের শান্তি নষ্ট করার অধিকার কারো নেই। যারা মানুষের উন্মুক্ত চলাফেরা, কথা বলাসহ বিভিন্ন কাজে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে প্রত্যেক পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে হবে।
 
এদিকে, রাজধানীর গুলশানে জঙ্গি হামলা ও বিদেশি নাগরিক হত্যার প্রতিবাদে শনিবার বেলা ১১টায় নগরীর দৌলতপুর নতুন রাস্তা মোড়ে মহানগর জাতীয় পার্টি-জেপি প্রতিবাদ সমাবেশ করে।
 
জেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ হচ্ছে গণতন্ত্র ও উন্নয়নের শত্রু। যারা পবিত্র ধর্ম ইসলামের নামে সন্ত্রাস করছে তারা ইসলামের শত্রু। সকলে মিলে এই জঙ্গিবাদকে দমন করতে হবে।
 
সমাবেশে বক্তৃতা করেন খুলনা মহানগর জেপির প্রধান সমন্বয়কারী মুক্তিযোদ্ধা শাহীন আজাদ, চৌধুরী হাবিবুর রহমান, অধ্যাপক মোশাররফ হোসেন, হায়দার আলী হাওলাদার প্রমুখ।