পঞ্চম উইকেটে আমলা-ব্রাভোর রেকর্ড

টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটে পঞ্চম উইকেট জুটিতে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ও ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো।
 
শুক্রবার রাতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে বার্বাডোজ ট্রাইডেন্টসের বিপক্ষে পঞ্চম উইকেটে ১৫০ রানের জুটি গড়ে টি-২০তে নতুন রেকর্ড গড়েন ট্রিনবাগো নাইট রাইডার্সের আমলা ও ব্রাভো।
 
ফলে ভেঙ্গে যায় ভারতের ঘরোয়া ক্লাব মহারাষ্ট্রের খেলোয়াড় যোগেশ টাকাওয়ালা ও সাইরাজ বাহাতুলের ১৪৯ রানের জুটির রেকর্ড। ২০০৭ সালে গুজরাটের বিপক্ষে ১৪৯ রানের জুটি গড়েছিলেন টাকাওয়ালা ও বাহাতুলে।
 
সিপিএলের চতুর্থ আসরে তৃতীয় ম্যাচে ট্রাইডেন্টসের মুখোমুখি হয়েছিলো নাইট রাইডার্স। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ রানেই ৪ উইকেট হারিয়ে বসে নাইট রাইডার্স। এরপর পঞ্চম উইকেটে দুর্দান্ত এক জুটি গড়েন আমলা ও ব্রাভো। ইনিংসের শেষ বলে আউট হবার আগে ১৫০ রানের জুটি গড়েন তারা।
 
ফলে রেকর্ড বইয়ে জায়গা পায় তাদের জুটিটি। আমলা ৮১ ও ব্রাভো ৬৬ রানে অপরাজিত থাকেন। ফলে নাইট রাইডার্স পায় ৫ উইকেটে ১৭০ রান। জবাবে ৮ উইকেটে ১৫৯ রান করে ১১ রানে ম্যাচ হারে বার্বাডোজ ট্রাইডেন্টস।