ভিআইপিদের উল্টো রাস্তা ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার গাজীপুরের চন্দ্রায় যানজট ও রাস্তার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আমার মতো ভিআইপি যারা, তারাও যেন উল্টো রাস্তায় না যান, আমি বিশেষভাবে এ অনুরোধ করছি।’
যানজট নিরসনে নতুন উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে যানজট প্রবণ ১৬টি পয়েন্টে এবার এক হাজার রোভার স্কাউট শনিবার থেকেই কাজ শুরু করেছে। আমাদের যে প্রস্তুতি তাতে এবারের ঈদযাত্রার সূচনাতেই ভাল, কোনো যানজট হয়নি, আশা করছি শেষ পর্যন্ত ভাল যাবে।
এ সময় ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সওজ এর নির্বাহী প্রকৌশলী নাহিদ রেজাসহ সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।