আদমজী ইপিজেডে নিরাপত্তা জোরদার

গুলশানে আর্টিজান হোটেলে হামলার ঘটনার পর থেকেই নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে কর্মরত ২৩৮ জন বিদেশি নাগরিকের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
 
এসব বিদেশিদের অনেকের মধ্যেই আতঙ্ক থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, তাদের রক্ষা করতে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
 
শুক্রবার রাতে রাজধানী ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় ২০ জন নিহত হওয়ার পরে শনিবার থেকে এই নিরাপত্তা জোরদার করা হয়।
 
এদিকে আদমজী ইপিজেড ছাড়াও নারায়ণগঞ্জের বিদ্যুৎকেন্দ্র, সাইলো, তেলের ডিপোসহ ২৩টি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় (কেপিআই পয়েন্ট) নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া সংখ্যালঘুদের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়গুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।  
 
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া জানান, বিদেশিদের নিরাপত্তার জন্য সাদা পোশাকেও পুলিশ সদস্যরা কাজ করছে। টহল পুলিশের তৎপরতাও বাড়ানো হয়েছে। এছাড়া ঈদুল ফিতর উপলক্ষ্যে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেটিকে সঠিকভাবে মনিটরিং করার জন্য ঊর্ধ্বতনদের নির্দেশ দেয়া হয়েছে।