বাগদাদে পৃথক বোমা বিস্ফোরণে নিহত ২৩

 
ইরাকের রাজধানী বাগদাদের দুইটি বাণিজ্যিক এলাকায় বোমা বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো ৬১ জন আহত হয়েছেন। হাসপাতাল ও পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে এবিসি এই তথ্য জানিয়েছে। রবিবার ভোরে এই ঘটনা ঘটে।
 
প্রথম হামলায় বাগদাদের কারাদা জেলায় একটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হন। এই ঘটনায় আরো ৪৫জন আহত হন। এর কিছুসময় পরই বাগদাদের পূর্বাঞ্চলে ইম্প্রোভাইজড এক্সপ্লসিভ ডিভাইস বিস্ফোরিত হয়। এতে পাঁচজন নিহত ও ১৬ জন আহত হন।
 
তথ্য প্রকাশের জন্য দায়িত্বপ্রাপ্ত নন এমন কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
 
কারাদা জেলায় হামলার ঘটনার দায় আইএস স্বীকার করেছে বলে সাইট ইন্টিলিজেন্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়, শিয়াদের লক্ষ্য করে আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালানো হয়। তবে দ্বিতীয় হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।