জয়পুরহাটের কালাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার ওয়াইরদীঘিতে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, শনিবার দিবাগত রাত সাড়ে ৮টায় উপজেলার ওয়াইরদীঘিতে মাছ চাষের জন্য অন্যত্র থেকে বিদ্যুতের সংযোগ নিয়ে সাব-মারসিবল পাম্প পুকুরে নামিয়ে পুকুরের পানি তুলতে থাকে। সাব-মারসিবল পাম্প বিদ্যুৎ সংযোগে চালু থাকা অবস্থায় এক পর্যায়ে ওই বিদ্যুৎ লাইন থেকে পুকুরের পানি বিদ্যুতায়িত হয়। কিন্তু সে বিষয় কেউ বুঝে উঠার আগেই পাম্প চালু থাকা অবস্থায় উপজেলার ঝামুটপুর গ্রামের ওই পুকুরের মালিক নুর মোহাম্মদের ছেলে মাহবুবুর রহমান বাবু (২৭) পুকুরে মাছের খাবার দিতে নামলে সঙ্গে সঙ্গে সে পানিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয় লোকজন ওই অবস্থায় বাবুকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসাহাক আলী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।