'জানি না, জীবিত অবস্থায় এখান থেকে বের হতে পারব কি না'

 
শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে বর্বর সন্ত্রাসী হামলায় যে ২০ জন নিহত হয়েছেন তাদের মধ্যে একজন ভারতীয় তরুণী রয়েছে। ১৯ বছর বয়সী ওই ভারতীয় তরুণীর নাম তারুশি জেইন। তিনি যুক্তরাষ্ট্রের বার্কলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
 
হলি আর্টিজানে থাকা অবস্থায় তারুশি তার বাবাকে বলেছিলেন, ‘সন্ত্রাসীরা রেস্টুরেন্টে ঢুকে পড়েছে।’ রেস্টুরেন্টের ভয়াবহ অবস্থার বর্ণনা দেন তিনি।
 
তারুশি তার বাবাকে আরো বলেছিলেন, ‘আমি খুবই আতঙ্কিত। জানি না, আমি জীবিত অবস্থায় এখান থেকে বের হতে পারব কি না। এখানে সবাইকে হত্যা করা হচ্ছে।’
 
ভারতের ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় ভারতীয় হাইকমিশন তারুশি জেইন নামের এক ভারতীয় তরুণীর নিহতের খবর নিশ্চিত করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজও গতকাল এই তথ্য নিশ্চিত করেছেন। এক টুইট বার্তায় অত্যন্ত দুঃখের সঙ্গে তিনি জানান, ঢাকায় আর্টিজান বেকারিতে সন্ত্রাসীদের হামলায় ১৯ বছর বয়সী ভারতীয় তরুণী তারুশি নিহত হয়েছেন। তারুশি সম্প্রতি ঢাকার আমেরিকান স্কুল থেকে পড়াশোনা শেষ করে যুক্তরাষ্ট্রের বার্কলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। সুষমা স্বরাজ আরো জানান, তারুশির বাবা সঞ্জীব জেইনের সঙ্গে কথা বলে গভীর সমবেদনা জানান এবং এই গভীর দুঃসময়ে পাশে থাকার আশ্বাস দেন। এছাড়া তারুশির পরিবারকে বাংলাদেশে আসার ব্যবস্থা করেছেন বলে সুষমা স্বরাজ জানান।  
 
ওই প্রতিবেদনে বলা হয়েছে, সঞ্জীব জেইন ঢাকায় বসবাস করতেন। তারুশি ছুটির সময়ে ঢাকায় আসতেন। শুক্রবার গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসীরা তাকে জিম্মি করে।