সাতক্ষীরায় পুরোহিত হত্যা চেষ্টার ঘটনায় মামলা, আটক ৩

 
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর রাধাগোবিন্দ মন্দিরের পুরোহিত ভবসিন্ধু বরকে (৫৫) কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
 
শনিবার দিবাগত রাতে মন্দির কমিটির সভাপতি রাম প্রসাদ সাধু বাদী হয়ে অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় মামলাটি দায়ের করেন।
 
সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, শনিবার দিবাগত গভীর রাতে পুরোহিত ভবসিন্ধু বরকে হত্যা প্রচেষ্টার ঘটনায় এ মামলাটি রেকর্ড করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে।
 
প্রসঙ্গত, শনিবার ভোর সাড়ে ৩ টার দিকে ৬/৭জন দুর্বৃত্ত মুখে কাপড় বেঁধে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর রাধাগোবিন্দ মন্দিরের পুরোহিত ভবসিন্ধু বরকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। বর্তমানে তিনি ঢাকা বক্ষ্যব্যধি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।