গুলশান ট্রাজেডির পর যশোরে অবস্থানকারী বিদেশিদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবারই জেলার সকল থানা ও ইউনিটকে চিঠি দিয়ে তাদের নিরাপত্তার দিকনির্দেশনা দেয়া হয়। থানা পুলিশের নজরদারির পাশাপাশি সাদা পোশাকের পুলিশ তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখছেন বলে জানিয়েছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ জাহিদুল ইসলাম।
জাহিদুল ইসলাম জানান, জেলার সবখানে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। চেকপোস্টগুলোকে আরো ‘জোরালো’ করা হয়েছে। জেলখানা, বিমানবন্দর, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বিশেষ নিরাপত্তার পাশাপাশি ধর্মীয় সংখ্যালঘু স্থাপনায়ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন মন্দিরে পুলিশ মোতায়েন করা হয়নি জানিয়ে বলেন, যশোর শহর ও শহরতলীর ১৮টি মন্দিরে পুরোহিত থাকেন। এসব মন্দিরে পুলিশ মোতায়েনের জন্য গত শুক্রবার এসপিকে অনুরোধ করেছি। কিন্তু এখনও (রবিবার দুপুর পর্যন্ত) পুলিশ মোতায়েন করা হয়নি। এ ব্যাপারে যোগাযোগ করা হলে এসপি মোবাইল রিসিভ করেননি।