গুলশানে বিদেশি রেস্তোরাঁয় জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড.হাছান মাহমুদ বলেছেন, ইসলামের নামে যারা এই হামলা করেছে তারা ইসলামের গায়ে কালিমা লেপন করছে। তারা মুসলিম জাহান ও মানবতার শত্রু।
রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গুলশানে জঙ্গি হামলার প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, এটি কেবল বিপথগামী কিছু তরুণের দ্বারা ঘটিত হত্যাকান্ড তা নয় এটি বাংলাদেশের বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্রের অংশ। আমি স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহবান জানাচ্ছি। বর্তমান সরকার সবাইকে নিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করতে বদ্ধ পরিকর।
গুলশানের ঘটনায় নিহত জঙ্গিদের প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, হত্যাকারীদের সবাই সমাজের উচ্চবিত্ত শ্রেণির সন্তান। তারা কোন মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ছিল না। দেশ-বিদেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল। তাদের পরিবার কোনভাবেই এ দায় এড়াতে পারে না। তাই আমি অভিভাবকদের প্রতি অনুরোধ জানাবো আপনার কোমলমতি সন্তানটি কোথায় যায়?কার সাথে মিশছে এগুলো নজর রাখুন।
তিনি বলেন, আজকে যারা বিভিন্ন জঙ্গি সংগঠনের নামে এসব সন্ত্রাসী কার্যক্রম করছে মানুষ হত্যা করছে তারা অতীতে জামায়াত-শিবিরের ক্যাডার ছিল। আর তাদেরকে বিএনপি নেত্রী তার আঁঁচলের তলায় আশ্রয় দিয়েছেন।তিনি চারপাশে জঙ্গি পরিবেষ্টিত হয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেন। বিএনপি নেত্রীই বাংলাদেশে জঙ্গিবাদের আশ্রয় ও প্রশ্রয়দাতা এবং প্রধান পৃষ্ঠপোষক।
হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন অ্যাডভোকেট ফজলুল হক,জিন্নাত আলী জিন্নাহ,অরুণ সরকার রানা, এমএ করিম প্রমুখ।