গুলশানে সন্ত্রাসী হামলায় নিহতের ঘটনায় স্পিকারের শোক

 
রাজধানী ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় দেশি ও বিদেশি নাগরিক নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপাসেন ড. শিরীন শারমিন চৌধুরী।
 
রবিবার এক শোকবার্তায় স্পিকার বলেন, নিরপরাধ নাগরিককে জিম্মি করে হত্যা করা একটি গর্হিত অপরাধ। এ ধরনের হত্যা ধর্ম ও মানবতার অবমাননা। এ ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত এবং উদ্বিগ্ন। তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। যারা এই কাপুরুষোচিত ঘটনার সাথে জড়িত তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য তিনি অনুরোধ জানান।
 
স্পিকার নিহতদের আত্নার মাগফেরাত ও শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
 
এছাড়া সন্ত্রাসী হামলায় নিহতের ঘটনায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ.স.ম ফিরোজ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।-বাসস।