এখনই হচ্ছে না দিস্তরের টেস্ট কিংবা ওয়ানডে লিগ। আগামী সেপ্টেম্বরে আইসিসি সভায় আবার বিশদ আলোচনা হবে এটা নিয়ে।এডিনবরায় আইসিসি সভা শেষে শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের সভায় আন্তর্জাতিক ক্রিকেটের কাঠামো বদল ও তিন সংস্করণেই নতুন প্রতিযোগিতার সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, এসব নিয়ে বিস্তারিত আরো আলোচনার প্রয়োজন আছে।
সভায় প্রস্তাব করা হয়েছে, সেপ্টেম্বরের শুরুতে দুবাইয়ে একটি ওয়ার্কশপে কাঠামো বদলের পরিকল্পনা নিয়ে আরও বিশদ আলোচনা হবে।
এবারের সভায় আলোচনার অগ্রগতি যতটুক হয়েছে, তাতে সন্তুষ্ট আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেরই গুরুত্ব সদস্য দেশগুলো বুঝতে পেরেছে ও মেনেছে। অনেক দিক থেকেই এটি জটিল একটি ব্যাপার। তবে এখন পর্যন্ত এসব সভায় আলোচনার অগ্রগতি দেখে আমি আশাবাদী। তাকিয়ে আছি দুবাইয়ে পরের সভার দিকে।’
আন্তর্জাতিক ক্রিকেটের ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখে টেস্ট ক্রিকেটকে টিকিয়ে রাখা ও আরও জনপ্রিয় করতে এটিকে দুই স্তরে ভাগ করার কথা ভাবছে আইসিসি। এছাড়াও দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজগুলো আরও অর্থবহ করতে ভাবনা আছে ১৩ দল নিয়ে ওয়ানডে লিগ চালু করার।