নবীগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে ২ পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
 
এ ঘটনায় ১ ট্রাক চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে। দুই হেলপার ও অপর ট্রাকের চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয় লোকজন। রবিবার সকাল ৭টার দিকে উপজেলার সদরঘাট নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল প্রায় ৭টার দিকে দ্রুত গতিতে ছেড়ে আসা সিলেটগামী একটি খালি ট্রাক ও বিপরীত দিকে আসা ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাক উল্লেখিত স্থানে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই আজিজুল ইসলাম সেলিম নামে এক চালক নিহত হয়েছে। সে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার আব্দুল কুদ্দুছের পুত্র।
 
খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। অদক্ষ চালকের কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করেন এলাকাবাসী। শেরপুর হাইওয়ে থানার ওসি মুজিবুর রহমান জানান, দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি ট্রাক ও লাশ উদ্ধার করে যানচলাচল স্বাভাবিক করে।