ড্রেনের পানি উপচে দনিয়া সড়ক সয়লাব

দোলাইরপাড়-দনিয়া সড়কটি গত এক মাস ধরে অব্যবস্থাপনার শিকার হয়েছে। সড়কের উভয় পাশের ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করায় এক কিলোমিটার এলাকা ময়লা-আবর্জনায় ভরে আছে। ফলে ড্রেনের ময়লাযুক্ত পানি রাস্তার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ময়লা ও আবর্জনার দুর্গন্ধে আশেপাশের পরিবেশ দুর্গন্ধময় হয়ে উঠেছে। রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না। অথচ প্রতিদিন শত শত স্কুল  কলেজগামী ছাত্র-ছাত্রী এই পথ দিয়েই  শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে। হাজার হাজার পথচারী এই পথে যাতায়াত করছে। এ পথে চলাচলকারীদের দুর্ভোগ ক্রমাগতভাবে বেড়ে চলেছে।
 
স্থানীয় একজন বাসিন্দা শামীম আহমেদ বলেন, রাস্তার দুই পাশের ড্রেন ময়লা-আবর্জনায় সয়লাব হয়ে আছে। দীর্ঘ দিনেও ড্রেনগুলো পরিষ্কার করা হয়নি। ফলে ড্রেনের ময়লা-আবর্জনাসহ নোংরা পানি রাস্তার উপর ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে  ঢাকা সিটি করপোরেশনে (দক্ষিণ) একাধিকবার অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
 
দনিয়া কলেজ ছাত্রী  ইসমাত আরা মুন্নি বলেন, এই পথ দিয়ে প্রতিদিন শত শত ছাত্র-ছাত্রী চলাচল করে। বাধ্য হয়ে নোংরা পানিতে পা ভেজাতে হয়। ফলে পায়ে নানা চর্মরোগ দেখা দিচ্ছে। এ দুরবস্থা থেকে তারা মুক্তি চায়।
 
অভিন্ন অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন । তিনি বলেন, গত কয়েক বছরেও ড্রেনগুলো সংস্কার করা হয়নি।
 
সিটি করপোরেশন কর্তৃপক্ষ দীর্ঘদিনেও ড্রেনগুলো পরিষ্কারের উদ্যোগ নেয়নি। ময়লা-আবর্জনার কারণে এলাকায় মশার উপদ্রব বেড়েছে। ড্রেনের ময়লাগুলো পরিষ্কারের কোনো উদ্যোগ নেয়া হয়নি।
 
স্থানীয় একজন বাড়িওয়ালা জানান, ময়লা-আবর্জনার দুর্গন্ধের কারণে রাস্তার পাশের জানালা খোলা যাচ্ছে না। পরিবেশও দূষিত হচ্ছে। পরিবেশ দূষণের কারণে ভাল ভাড়াটিয়া আসছে না। এছাড়া ময়লা ও দুর্গন্ধময় পানির কারণে অনেকে রিকশাযোগে রাস্তা পার হচ্ছেন। এতে করে রাস্তা পারাপারের জন্য জনপ্রতি ১০ টাকা করে আদায় করা হচ্ছে।
 

এব্যাপারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭১ নং ওয়ার্ডের কমিশনার কাজী হাবিবুর রহমান হাবু বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে দনিয়া এলাকার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শত শত ছাত্র-ছাত্রী চলাচল করে। রাস্তাটি সংস্কারের পরিকল্পনা আমাদের রয়েছে। ঈদের পর এই রাস্তা ও ড্রেনের সংস্কার কাজ শুরু করা হবে।