হুরাসাগর নদীতে খাঁচায় মাছ চাষ

উত্পাদন খরচ কম হওয়ায় খাঁচায় মাছ চাষে আগ্রহী হয়ে উঠছেন মত্স্য চাষিরা।  এ ব্যাপারে খোঁজ নিয়ে জানা জানা গেছে, বেড়ার অধীনগরে সূতিখালি নদীর বিপরীতে হুরাসাগরের একটি বিশাল অংশ জুড়ে খাঁচায় মাছ চাষ হয়। কাশিনাথপুরের মাছ ব্যবসায়ী বাদশা পঁয়ত্রিশটি খাঁচায় মাছ চাষ করছেন। আরো বিশটি খাঁচা তৈরির অপেক্ষায় আছে। তার কর্মচারী মানিক ও হানিফ জানালেন, তারা তিন মাস আগে মনোসেক্স জাতের তেলাপিয়ার পোনা সিরাজগঞ্জ থেকে কিনে এনেছে। এরপর সেগুলো পুকুরে একটু বড় করে নিয়ে নদীতে বিশেষভাবে বানানো খাঁচায় ছেড়ে দিয়েছেন। যখন খাঁচায় ছাড়া হয় তখন ৬/৭টির ওজন ছিল এক কেজি। খাঁচায় কয়েকমাস পোষ দেওয়ার পর দুটি মাছেই এক কেজি হয়। ওই মাছ তারা পাইকারদের কাছে ১৩০ টাকা কেজি দরে বিক্রি করে।
 

বাঁশ দিয়ে তৈরি খাঁচার গভীরতা সাত ফুট, প্রস্থ বিশ ফুট। পঁয়ত্রিশটি খাঁচায় প্রতিদিন দশ বস্তা খাদ্যের প্রয়োজন হয়। প্রতি বস্তা খাদ্যের দাম এক হাজার টাকা। বেড়া উপজেলা মত্স্য কর্মকর্তা কামরুল হাসান সরকার বলেন, খাঁচায় মাছ চাষ পদ্ধতি লাভজনক। এই পদ্ধতিতে উত্পাদিত মাছের স্বাদ একটু আলাদা। গুণগতমানও ভালো।