কক্সাবাজারে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

 
কক্সবাজারের টেকনাফে আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে ‘ঘুমন্ত অবস্থায়’ গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত দেড়টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়ায় এ ঘটনা ঘটে।
 
টেকনাফ থানার ওসি মো. আব্দুল মজিদ জানান, নিহত সিরাজুল ইসলাম (৬০) টেকনাফ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তার স্ত্রী ইয়াছমিন আক্তার ওরফে জোহরাকে (৫২) গুলিবিদ্ধ অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
ক্ষমতাসীন দলের এই স্থানীয় নেতাকে ‘পূর্ব বিরোধের জের ধরে’ হত্যা করা হয়েছে বলে সন্দেহের কথা পুলিশকে বলেছেন নিহতের স্বজনরা। তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি ওসি। স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, সিরাজুল রাতে শোবার ঘরের জানালা খোলা রেখে ঘুমিয়ে পড়েন। একই খাটে তার স্ত্রীও ঘুমিয়ে ছিলেন।
 
তিনি বলেন, ‘রাত দেড়টার খোলা জানালা দিয়ে ঘুমন্ত দম্পতিকে গুলি করা হয়। এ সময় গুলিবিদ্ধ জোহরার চিত্কারে বাড়ির লোকজন জেগে উঠলে খুনিরা পালিয়ে যায়।’
 

পরে স্বজনরা ওই দম্পতিকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক সিরাজুলকে মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি।