যুক্তরাষ্ট্রের টেক্সাসে মসজিদের বাইরে এক মুসলমান চিকিৎসক গুলি করেছে অজ্ঞাত পরিচয় তিন অস্ত্রধারী। রবিবার সকালে হিউস্টনের বেলেয়ার মাদ্রাসা ইসলামিয়া মসজিদের বাইরে এই হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
ফ্লোরিডায় এক মসজিদের বাইরে এক মুসলমানকে মারধরের ঘটনার একদিন পর হিউস্টনে এ ঘটনা ঘটল। গুলিবিদ্ধ ডা. আরসালান তাজাম্মুল একজন চক্ষু বিশেষজ্ঞ, যার বয়স ৩০ এর ঘরে। তার অস্ত্রোপচার হয়েছে এবং তিনি আশঙ্কামুক্ত বলে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস এর হিউস্টন শাখার নির্বাহী পরিচালক মুসতাফা ক্যারল জানিয়েছেন।
হিউস্টনের পুলিশ কর্মকর্তা মুজাফ্ফর সিদ্দিক জানান, স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে মসজিদের কিছুটা দূরে গাড়ি রেখে পায়ে হেঁটে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় হামলাকারীরা তাজাম্মুলকে দুইবার গুলি করে। এরপর মুখোশধারী তিন হামলাকারী দৌড়ে পালিয়ে যায়।
স্থানীয় মুসলিম কমিউনিটির নেতারা এ ঘটনাকে বিদ্বেষপ্রসূত হামলা বলে মনে করলেও এখনই কোনো উপসংহারে না যাওয়ার পরামর্শ দিয়েছেন পুলিশ কর্মকর্তা সিদ্দিক। তিনি বলছেন, পুলিশের হাতে এখনও নিশ্চিত কোনো তথ্য নেই। এটা ডাকাতদের কাজ কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। ওই মসজিদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এর আগে শনিবার ফ্লোরিডার এক মসজিদের একজনকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটে। অরলান্ডোর নাইট ক্লাবে গুলি করে ৪৯ জনকে হত্যার ঘটনায় যাকে দায়ী করা হয়, সেই ওমর মতিন ওই মসজিদে যাতায়াত করতেন বলে জানা গেছে।