রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় নিহতদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ শ্রদ্ধা জানান।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির পক্ষ থেকে গুলশানের রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি আমরা গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। আমরা আগেও এ ঘটনার নিন্দা জানিয়েছি, এখনও নিন্দা জানাচ্ছি।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাবেক এমপি নাজিম উদ্দিন আহমেদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, বিএনপিপন্থী প্রকৌশলীদের সংগঠনের এ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি আ ন হ আখতার হোসেন, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।
শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে ঢাকার গুলশান কূটনৈতিক এলাকার ‘হলি আর্টিজেন’ রেস্তোরাঁয় হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। হামলার পরপরই ঘটনাস্থলে যান বনানী থানার ওসি সালাহ উদ্দীন ও পুলিশের সহকারী পরিদর্শক রবিউল ইসলাম। পরে ওই সন্ত্রাসীদের হামলায় এ দুই পুলিশ কর্মকর্তাসহ মোট ২৮ জন নিহত হন। হামলা ও জিম্মির ১০ ঘণ্টা পর আইনশৃঙ্খলা বাহিনীর কমান্ডো অভিযানে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়।