রাজধানীর চকবাজার থানার ইসলামবাগে এক বাসায় শাশুড়িসহ দুইজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। সন্তানদের না পেয়ে জীবন নামে ওই ব্যক্তি আজ সোমবার দুপুর ৩টার দিকে এই হত্যাকাণ্ড ঘটান বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন- রাশেদা বেগম (৬০) এবং তার নাতনী বর্ণা আকতার (২২)।
চকবাজার থানার ওসি শামীমুর রশীদ তালুকদার বলেছেন, এক ছেলে ও এক মেয়ে রেখে জীবনের স্ত্রী আগেই মারা যান। এরপর থেকে শিশু দুটি তাদের নানীর কাছেই থাকে। পরে সন্তানদের নিজের কাছে নিতে চাইলে বিষয়টি আদালত পর্যন্ত যায়। আদালত নানীর পক্ষেই রায় দেয়। জীবন তার শাশুড়ির কাছ থেকে সন্তানদের নেয়ার চেষ্টা করছিলেন বলে জানায় পুলিশ।
জানা গেছে, আজ বিকেলের দিকে রাশেদা বেগমের বাসায় ঢুকে জীবন সন্তানদের খোঁজ করে। রাশেদা তাদের দিতে অস্বীকার করে। পরে বাসায় থাকা ধারাল অস্ত্র নিয়ে এলাপাতাড়ি কোপাতে থাকে জীবন। এসময় নাতনী বর্ণা ও তার খালা সীমা এগিয়ে আসলে তাদেরও কোপায়।
এ সময় রাশেদা ঘটনাস্থলেই মারা যান। অন্য দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক বর্ণাকে মৃত ঘোষণা করে। এ ঘটনার পর থেকে জীবন পলাতক রয়েছেন।