মন্ত্রিসভা সম্প্রসারণ করছেন নরেন্দ্র মোদী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন্ত্রিসভা সম্প্রসারণ ও রদবদল করতে যাচ্ছেন। বিশেষ করে পদত্যাগ ও অন্যপদে চলে যাওয়ার কারণে শূন্যপদগুলো নতুন মন্ত্রী দিয়ে পূরণ করবেন তিনি। মঙ্গলবার মন্ত্রিসভা সম্প্রসারণের এই ঘোষণা আসবে বলে সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন। তবে বিস্তারিত আর কিছু জানাননি ওই মুখপাত্র।
 
অবশ্য সরকার ও ক্ষমতাসীন দলের বিভিন্ন সূত্র জানিয়েছে, বড় ধরনের পরিবর্তন হবে না। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশ থেকে মোদী তার মন্ত্রিসভায় কয়েকজনকে অন্তর্ভুক্ত করার জোর সম্ভাবনা রয়েছে। আগামী বছরের শুরুতে উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই বিষয়টিকে সামনে রেখে এই অন্তর্ভুক্তি বলে মনে করা হচ্ছে।
 
২০১৯ সালে হতে যাওয়া জাতীয় নির্বাচনে ফের জয় পেতে বিজেপির জন্য আগামী বছর হতে যাওয়া উত্তর প্রদেশের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। ভারতের কেন্দ্রীয় সরকারে প্রধানমন্ত্রী মোদীসহ ৬৪ জন মন্ত্রী রয়েছেন। পাঁচদিনের সফরে আফ্রিকার উদ্দেশে উড়াল দেওয়ার আগের দিন মোদী পুনর্গঠিত মন্ত্রিসভার নাম ঘোষণা করে যাবেন। -রয়টার্স