প্রতিশোধ নিতে মরিয়া ফ্রান্স

কোয়ার্টার ফাইনালের বাধা সহজেই পেরিয়ে ইউরোর সেমিফাইনালে উঠেছে ফ্রান্স, প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। এবার জার্মানির বিপক্ষে প্রতিশোধের কাজটা সেরে নিতে চাইছে ফরাসিরা। এমনটাই জানালেন ফ্রান্সের স্ট্রাইকার অলিভার জেরার্ড।
 
তবে ফ্রান্সের মত ইতিহাস নিয়ে এখন ভাবতে চায় না জার্মানি। দলটির লক্ষ্য ফাইনাল খেলা বলে জানালেন এ অ্যাটাকিং মিডফিল্ডার। তাই ফ্রান্স ও জার্মানির ফাইনালে উঠার জমজমাট লড়াইটি আগামী ৮ জুলাই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
 
ইউরোর সেমিফাইনালে জার্মানিকে প্রতিপক্ষ হিসেবে পেয়েই প্রতিশোধ নিতে মুখিয়ে ফ্রান্স। কারণ সর্বশেষ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এই জার্মানির কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ফরাসিরা। সেই হারের ক্ষত এখনো বিদ্যমান ফ্রান্সের খেলোয়াড়দের মনের মধ্যে। কারণ ঐ আসরের বেশিরভাগ খেলোয়াড়ই এবারের ইউরো দলে রয়েছে।
 
তাই প্রতিশোধের হিসেব-নিকেশটা এখনই চুকিয়ে ফেলতে চান জেরার্ড। আইসল্যান্ডের বিপক্ষে ৫-২ গোলের জয় দিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফ্রান্স। ফাইনালে চোখ রাখা জেরার্ড বলেন, ‘বিশ্বকাপের স্মৃতি আমাদের এখনো মনে পড়ে। পুরো ম্যাচেই ভালো পারফরমেন্স করেছি আমরা। তারপরও এক গোলে ম্যাচ হারতে হয়। তাই সবারই খুব ইচ্ছে, ফাইনাল হারের প্রতিশোধটা এ ম্যাচেই নেয়া। কাজটি বেশ কঠিনই হবে। তারপরও সেরা খেলাটাই খেলতে হবে আমাদের। ফাইনালে উঠে বিশ্বকাপের দুঃস্মৃতি কিছুটা হলেও মুছতে চাই।’
 
কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত লড়াইয়ের পর সাডেন-ডেথে ইতালিকে হারিয়ে সেমিফাইনালে নাম লেখায় জার্মানি। এবার ফাইনালের দিকে নিজেদের লক্ষ্য স্থির করেছে জার্মানরা। মেসুত ওজিলের বক্তব্য তেমনই ইঙ্গিত দিচ্ছে, ‘প্রতিপক্ষ ইতিহাস নিয়ে ভাবছে। কিন্তু আমরা বর্তমান নিয়ে ভাবছি। ফাইনাল নিয়েই চিন্তাটা বেশি আমাদের। ফ্রান্সকে হারিয়ে ফাইনাল খেলতে চাই আমরা।