পরিবারের কোনো সদস্য নিখোঁজ থাকলে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে তা জানাতে অনুরোধ করেছেন র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম বা কোনো এলাকায় সন্দেহভাজন জঙ্গি তৎপরতার তথ্য থাকলে তাও তিনি জানাতে বলেছেন।
ঈদ সামনে রেখে সোমবার জাতীয় ঈদগাহের নিরাপত্তা প্রস্তুতি ঘুরে দেখার পর সাংবাদিকদের এ কথা বলেন মহাপরিচালক।
গুলশানে ‘হামলাকারীদের’ অন্তত দু’জন দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকার বিষয়টি নতুন করে সামনে আসার পর এমন আহ্বান এল আইন-শৃঙ্খলাবাহিনী থেকে।
র্যাব মহাপরিচালক বলেন, পরিবারের কেউ মিসিং থাকলে, আমার ছেলেকে ধরে নিয়ে যাবে– এমন ভয় না পেয়ে ল’এনফোর্সমেন্ট এজেন্সিকে জানান। তাকে খুঁজে বের করতে পারলে তার জীবন ও অন্যদের জীবন বাঁচাতে পারব।
বেনজীর বলেন, গুলশানের ঘটনা বড় বিপর্যয়। এটাকে জাতীয়ভাবে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।
গত শুক্রবার রাতে গুলশান ২ নম্বরের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় একদল অস্ত্রধারী জঙ্গি; দেশি বিদেশি অন্তত ৩৩ জন সেখানে জিম্মি হন। প্রায় ১২ ঘণ্টা পর কমান্ডো অভিযানে জিম্মি সঙ্কটের অবসান হলেও তার আগেই ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা।