ঢাকা-টাঙ্গাইল সড়কে দীর্ঘ যানজট, দুর্ভোগ

টাঙ্গাইলের মির্জাপুর থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ৫৫ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। ঈদ উপলক্ষে বাড়ি ফেরা মানুষ রাস্তায় যানজটে ভোগান্তিতে পড়েছেন।
 
মহাসড়কের কয়েকটি স্থানে দুর্ঘটনা, গাড়ি বিকল হওয়ায় এবং বৃষ্টির কারণে সোমবার গভীর রাত থেকেই এই ভোগান্তির সৃষ্টি হয়।
 
টাঙ্গাইলের ট্রাফিক পুলিশের পরিদর্শক এস এম শহিদুর রহমান জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে মির্জাপুরের বোড়াইল থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ৫৫ কিলোমিটার জটে আটকে আছে গাড়ি।
 
তিনি জানান, গভীর রাতে বঙ্গবন্ধু সড়কের ৪ নম্বর ব্রিজের কাছে বাস-ট্রাকের সংঘর্ষে ওই এলাকায় যানজট তৈরি হয়।
 
এদিকে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় থেকে তিন দিকে প্রায় ১৫ কিলোমিটার রাস্তায় বাস-ট্রাকের সারি দেখা গেছে বেলা ১১টার দিকে।
 
কোনাবাড়ির সালনা মহাসড়ক থানার ওসি আবু দাউদ খান জানান, সোমবার গাজীপুরসহ আশপাশের এলাকার শিল্প কারখানা ছুটি হওয়ায় রাস্তায় ঘরমুখো মানুষের চাপ বেড়ে যায়। টাঙ্গাইলের দিক থেকে যানবাহন না চলায় চন্দ্রা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার যানজট লেগে আছে। শেষ রাত থেকেই মহাসড়কে যানবাহন অনেকটা স্থবির হয়ে পড়ে।
 
গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকার একটি পোশাক কারখানার কর্মী আবুল বাশার বলেন, আজ ভোর ৬টার দিকে ভোগড়া বাইপাস মোড় থেকে স্ত্রী-সন্তান নিয়ে টাঙ্গাইলের বাসে ওঠেন তিনি। সকাল ১০টার সময়ও তিনি আটকে ছিলেন চন্দ্রা এলাকায়।