'জাপানের সঙ্গে উন্নয়ন কার্যক্রম আগের মতোই থাকবে'

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, 'গুলশানের স্প্যানিশ রেস্টুরেন্ট হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার ঘটনার পরেও জাপানের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম আগের মতোই থাকবে।'
 
মঙ্গলবার বিকেলে ওই হামলার ঘটনা নিয়ে প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ব্রিফিংয়ে প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী লিখিত বক্তব্য পাঠ করেন। এরপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ব্রিফিং সাংবাদিকদের পাঠ করে শোনান।
 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, 'বাংলাদেশ-জাপান সম্পর্কে যখন একটি নবযুগের সূচনা শুরু হয়েছে, তখন এভাবে আমরা সন্ত্রাসের কাছে আত্মসমর্পণ করতে পারি না। জাপান বাংলাদেশের বন্ধুপ্রতীম ও নির্ভরশীল রাষ্ট্র। জাপানের অবদানকে বাংলাদেশের জনগণ কখনোই ভোলেনি।'
 
হলি আর্টিজানের সন্ত্রাসী ঘটনা মোকাবিলায় আইন-শৃঙ্খলা বাহিনীসহ বাংলাদেশের নিরীহ মানুষ নিহত ও আহত হয়েছেন। আমাদের সংহতি মানবতার প্রতি, সুশাসনের প্রতি এবং উন্নয়নের প্রতি। শাহরিয়ার আলম বলেন, 'জাপান সন্ত্রাসী ঘটনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসাও করেন। জাপ নের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান হলি আর্টিজানে নিহত জাপান ও বাংলাদেশিদের রক্ত এক সঙ্গে মিশে আছে। নিরপরাধ এসব মানুষের আত্মত্যাগ দুইদেশের সম্পর্ক আরো গভীর বন্ধনে আবদ্ধ হবে। জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো নিশ্চিত করেন যে জঙ্গি হামলার ঘটনার পরেও জাপানের সঙ্গে বাংলাদেশে জাপানের উন্নয়ন কার্যক্রম আগের মতোই অব্যাহত থাকবে। এ সময় জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন। ইতালিও বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিচক্ষণতার জন্যও প্রশংসা করেন।'
 
ইতালির সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রতিমন্ত্রী জানান সন্ত্রাসবাদ কখনও দুই দেশের সম্পর্কে বাধা হতে পারে না। সম্পর্কের আরো উন্নয়ন ঘটবে। প্রতিমন্ত্রী বলেন, 'ইতালি জানায় সন্ত্রাসবাদ মোকাবিলায় দুইদেশ পারস্পারিক তথ্য আদান প্রদানের মাধ্যমে সন্ত্রাস মোকাবিলায় সহযোগিতা করবে, যাতে ইসলামী দেশগুলোর মতো যেনো বাংলাদেশ কোনো সমস্যায় না পড়ে।' খবর- বাসস।