ঐতিহ্যবাহী রথযাত্রা শুরু ধামরাইয়ে

ধামরাইয়ে বুধবার থেকে শুরু হয়েছে ৪শ বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা। আজ বিকালে ধামরাইয়ের যশোমাধব বিগ্রহ থেকে রথকে টেনে নিয়ে যাওয়া হবে দক্ষিণের অপর একটি মন্দিরে। সাতদিন পর আবার উল্টো রথের মাধ্যমে রথটিকে ফিরিয়ে আনা হবে যশোমাধব বিগ্রহে।
 
রথযাত্রা উপলক্ষে একমাস চলবে রথমেলা। রথযাত্রা ও মেলাকে ঘিরে এখন ধামরাইয়ে সাজ সাজ রব। এ উৎসবকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অতিথি ও দর্শকদের জন্য নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
 
ধর্ম মতে, রথটি এ সাতদিন তার শ্বশুর বাড়িতে কাটান। রথের প্রথম দিনে সকল জরা ও বিভেদকে টেনে দক্ষিণে নিয়ে যাওয়া হয়। উল্টে রথের মাধ্যমে সুখ ও শান্তি নিয়ে ফিরে আসে রথ।
 
হিন্দু সম্প্রদায়ের লোকেরা বিশ্বাস করে-রথের দড়ি টানলে সারাবছর রোগ বালাই থেকে মুক্তি পাওয়া যায়।
 
১৯৭১ সালের আগে ধামরাইয়ের রথটি ছিল সব চেয়ে বড়, ৩ তলা আকৃতির। এই রথটি নির্মাণ করেন মানিকগঞ্জ জেলার বালিয়াটির জমিদার বাবুরাম। প্রথম থেকে রথ উৎসবের দায়িত্ব পালন করতেন তার বংশধররা। বর্তমানে ধামরাই যশোমাধব মন্দির ও মেলা পরিচালনা কমিটি রথ উৎসবের দায়িত্ব পালন করছে।