নিরাপত্তার চাদরে রাজধানীর বিনোদন কেন্দ্র

গুলশানে জঙ্গি হামলার পর রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
 
ঈদ উপলক্ষে ঢাকা চিড়িয়াখানার ভেতরের রাস্তায় সংস্কার করা হয়েছে। ঈদের দিন সকাল ৮টা থেকেই দর্শনার্থীদের জন্য খোলা থাকবে চিড়িয়াখানার ফটক।
 
চিড়িয়াখানার কিউরেটর নজরুল ইসলাম জানান, এবারও সকাল থেকে শুরু হবে দর্শনার্থীদের আগমন। শান্তিপূর্ণভাবে তাদের বেড়ানো নিশ্চিত করতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ কঠোর নিরাপত্তার ব্যবস্থা রাখছে। এবার ঈদের দিন চিড়িয়াখানার ভেতরে বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে একটি ক্যান্টিন খোলা থাকবে।
 
ঈদ উপলক্ষে শিশু-কিশোরদের ঢল নামবে শাহবাগের শিশুপার্ক, জাতীয় জাদুঘর, সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘরে।
 
শাহবাগ শিশুপার্কের দায়িত্বরত কর্মকর্তা ঢাকা সাউথ দক্ষিণ করপোরেশনের সহকারী ইঞ্জিনিয়ার মো. নূরুজ্জামান বলেন, গুলশানে জঙ্গি হামলার পর এবার শিশুপার্কের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। নিরাপত্তার জন্য শাহবাগ থানার পাশাপাশি র‌্যাবের সহায়তা চাওয়া হয়েছে। ঈদ উপলক্ষে শাহবাগের শিশুপার্ক পাঁচ দিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
 
জাতীয় জাদুঘরের শিক্ষা কর্মকর্তা সাইদ সামসুল করিম জানান, ‘দিপু নাম্বার টু’ও ‘নয় নাম্বার বিপদ সংকেত’ চলচ্চিত্র দুটি জাতীয় জাদুঘর ও স্বাধীনতা জাদুঘরে দেখানোর ব্যবস্থা করা হয়েছে।  ঈদের পরের দুই দিন বেলা আড়াইটা ও বিকাল ৫টায় সিনেমা দুটি দেখানো হবে।
 
শাহবাগের শিশুপার্কের মতো রাজধানীর শ্যামলীর শিশুমেলাও ঈদের সময় মুখরিত হয় শিশুদের কলকাকলীতে।
 
ঢাকার অদূরে বাইপাইলে ফ্যান্টাসি কিংডম বিনোদন পিপাসুদের অন্যতম পছন্দের স্থান। ঈদের দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ফ্যান্টাসি কিংডম দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।