সারাদেশের মত ঈদ উদযাপন করছে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার। ফেডারেশন কাপ শেষ হয়ে যাওয়ার পর ছুটিতেই আছেন ফুটবল তারকারা। আর এ সুযোগে অনেকেই গেছেন গ্রামের বাড়ি। সেখানে থেকেই ঈদ উদযাপন করবেন তারা।
মামুনুল ইসলাম মামুন
ঈদ এবার চট্টগ্রামে করছি। পরিবারের সবার জন্য কেনাকাটা হয়ে গেছে। নিজের জন্যও করেছি। আসলে ঈদ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা আমার নেই। পরিবারের সঙ্গে সময় কাটাব, এটাই পরিকল্পনা। দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও জানান জাতীয় দলের এ অধিনায়ক।
শহীদুল ইউসুফ সোহেল
জাতীয় দলের এই গোলকিপার ঈদ করছেন নিজ বাড়ি চট্টগ্রামে। ঈদের ছুটিতে ১ জুলাই চট্টগ্রামে যান তিনি। সেখানেই পরিবারের সঙ্গে ঈদ করছেন সোহেল। ঈদের দিন বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে সবাইকে শুভেচ্ছা জানান তিনি।
মাজহারুল ইসলাম হিমেল
পরিবার-পরিজনের সঙ্গে নিজ জেলা কিশোরগঞ্জে ঈদ করছেন মাজহারুল ইসলাম হিমেল। তিনি বলেন, ঈদের কেনাকেটা হয়ে গেছে। পরিবারের সবার জন্যই কেনাকাটা করেছি। নিজের জন্যও করেছি। ঈদ নিয়ে বিশেষ পরিকল্পনা বলতে ঈদের দিন দেশের বৃহত্তর ঈদ জামাত শোলাকিয়াতে নামাজ পড়ব। পরিবারের সঙ্গে সারাদিন আড্ডা দেব, খাওয়া-দাওয়া, ঘোরাফেরা করব।
রাসেল মাহমুদ লিটন
প্রতিবারের মতো এবারের ঈদও জন্মস্থান টাঙ্গাইলে করছেন রাসেল মাহমুদ। তিনি বলেন, পরিবারের জন্য ঈদ কেনাকাটা শেষ হয়েছে। নিজের জন্যও টুকিটাকি কিনেছি। আসলে ঈদ নিয়ে আগের মতো তেমন কোনো স্পেশাল প্রোগ্রাম করি না। ঈদের নামাজ শেষ করে, খাওয়া-দাওয়া করে বন্ধুদের নিয়ে আড্ডা দেই।
ওয়াহেদ আহমেদ
জাতীয় দলের তারকা স্ট্রাইকার ওয়াহেদ আহমেদ ঈদ করছেন সিলেটে। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে ছবি দেন তিনি। সেখানেই বন্ধু ও পরিবারের সঙ্গে ঈদ করছেন তরুণ এই স্ট্রাইকার।
সাবিনা খাতুন
বিদেশের (মালদ্বীপ) কোন ক্লাবে গিয়ে খেলা বাংলাদেশের প্রথম নারী ফুটবলার সাবিনা খাতুন। এখন কোন খেলা না থাকায় ঈদ কাটাতে আগেভাগেই চলে গেছেন গ্রামের বাড়ি সাতক্ষীরায়। ঈদ পালন সম্পর্কে সাবিনা বলেন, ‘তেমন কোন পরিকল্পনা নেই। পরিবারের সবার সঙ্গে সময় কাটাবো। সারা বছরই তো শপিং করি, তাই এখনও কিছু কেনা হয়নি। ঈদের দিন বা তার পরের দিন এলাকার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পারি।‘