দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ঈদ সব শ্রেণি পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। পরস্পরের সুখ-দুঃখ ও হাসি-কান্না ভাগ করে নেয়ার পাশাপাশি শান্তিপূর্ণ সহাবস্থানের শিক্ষাই ঈদ দেয়। আর এটাই হচ্ছে বাঙালি সংস্কৃতির নান্দনিক ঐতিহ্য।
বৃহস্পতিবার বঙ্গভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
ঈদুল ফিতরের শিক্ষা সকলের মধ্যে ছড়িয়ে পড়বে এবং ক্ষুধা, দারিদ্র্য ও শোষণমুক্ত সমৃদ্ধ সমাজ গঠনে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগে ঈদ উপলক্ষে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার স্ত্রী রাশিদা খানম। রাষ্ট্রপতির পরিবারের সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন।
ঈদ উপলক্ষে আয়োজিত এই সংবর্ধনায় প্রধান বিচারপতি এস কে সিনহা রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
বঙ্গভবনের দরবার হলে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।