'ব্যর্থতার দায় নিয়ে ক্ষমতা হস্তান্তর করা উচিত'

 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, 'এই সরকার প্রথম থেকেই ব্যর্থ। কাজেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য তাদের ব্যর্থতার দায় নিয়ে ক্ষমতা হস্তান্তর করা উচিত।' বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বিনিময়েকালে এসব কথা বলেন তিনি।
 
খালেদা জিয়া বলেন, বর্তমানে দেশের অবস্থা অত্যন্ত খারাপ। দেশের মানুষ মোটেই ভালো নেই। আতঙ্ক ও ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে। দেশের সুশাসন, গণতন্ত্র, আইনের অধিকার না থাকায় নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। যে সমস্ত ঘটনা ঘটছে সরকার শক্তভাবে মোকাবেলা না করতে পারলে এই ধরনের ঘটনা থেকে সত্যিকার অর্থে বেরিয়ে আসা কঠিন হয়ে দাঁড়াবে। এমনকি সরকারের সেই ধরনের কোনো প্রস্তুতি আছে কিনা তাও দেখার বিষয়।
 
সম্প্রতি গুলশানের ক্যাফেতে ঘটে যাওয়া প্রসঙ্গে ঈঙ্গিত করে বিএনপি প্রধান বলেন, সরকারের ব্যর্থতা, অযোগ্যতা ও গাফিলতির জন্যই দেশে এই ধরনের ঘটনা ঘটছে। কারণ সরকার কোনো ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের ধরতে পারেন না। যাদের ধরা হয় তারা আবার তাদেরই লোক, তাই কয়েকদিন পর অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে।
 
তিনি বলেন, বিডিআরের ঘটনা থেকেই এ ধরনের অপরাধের সূত্রপাত শুরু হয়েছে। তখনেই যদি সরকার প্রকৃত ঘটনা ধামাচাপা না দিয়ে শক্ত হাতে দমন করতো তাহলে আজকে বাংলাদেশে এমন অবস্থার সৃষ্টি হতো না।
 
সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি গুলশানের একটি ক্যাফে রেস্তোরায় যে নাশকতা হয়েছে সেই এলাকাটি কূটনৈতিক জোন হিসেবে পরিচিত। সেখানে অনেক ধরণের নিরাপত্তাবেষ্টনী থাকে। তাই সাধারণ মানুষ না জানলেও সরকার তো জানতো। তাহলে এতো সময়ক্ষেপন করা হলো কেন? কেন ভোর পর্যান্ত অপেক্ষা করতে হলো।
 
তিনি বলেন, পুলিশবাহিনী গ্রেফতার বাণিজ্যি নিয়ে ব্যস্ত। তারা সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। গুলশানের ঘটনায় পুলিশ, র‌্যাব ছিল তারা পারেননি কেন? পরবর্তীতে সেনাবাহিনীকে এগিয়ে আসতে হলো। তাহলে এতো দেরি করা হলো কেন?
 
বিএনপি চেয়ারপারসন বলেন, আমি আগেও বলেছি আবারো বলছি এখন প্রয়োজন জাতীয় ঐক্য। কিন্তু সরকার জাতীয় ঐক্যের পরিবর্তে ব্লেমগেইম করে চলেছে। প্রকৃত অপরাধীদের ধরা হচ্ছে না।