বৃহস্পতিবার কিশোরগঞ্জের শোকাকিয়ায় সন্ত্রসীদের হামলায় নিহত নেত্রকোনার মদন উপজেলার দৌলতপুর গ্রামের কনস্টেবল আনসারুল হকের বাড়িতে চলছে শোকের মাতম।
জানা যায়, সকাল ৯টার দিকে ঈদুল ফিতরের জামাতের আগে কিশোরগঞ্জ শোলাকিয়া মাঠের আজিম উদ্দিন স্কুলের পাশে অজ্ঞাত দুর্বৃত্তদের বোমা বিস্ফোরণ ও গুলিতে কনস্টেবল আনসারুল হক গুরুতর আহত হন। পরে ময়মনসিংহ সামরিক হাসপাতালে নেয়ার পথে মারা যান। তার বাবা মৃত সিদ্দিকুর রহমান ছিলেন বাস্তা আলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক।
আনসারুল তিয়শ্রী এনএইচখান একাডেমি থেকে ২০০৩ সালে এসএসসি পাস করেন। ২০০৬ সালে ২৪ সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ লাইনে যোগদান করেন। সর্বশেষ কর্মস্থল ছিল কিশোরগঞ্জ পুলিশ লাইন। আনসারুল ছিল চার ভাইদের মধ্যে তৃতীয়। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি।
তিনি ২০০৭ সালে কেন্দুয়া উপজেলার পাচহার কোণাপাড়া গ্রামের লুনা আক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি নিঃসন্তান ছিলেন। তার পরিবারে চলছে শোকের মাতম। বৃহস্পতিবার ময়মনসিংহ পুলিশ লাইনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। গ্রামের বাড়িতে ২য় জানাজা শেষে বৃহস্পতিবার বিকালে পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হয়।