বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, 'জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।'
বৃহস্পতিবার মতিঝিলে টিএন্ডটি কলোনি মাঠে ঈদের নামাজে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদগাহে পুলিশ টহলের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাশেদ খান মেনন বলেন, 'ঈদের জামাতে যারা হামলা চালিয়ে পুলিশ ও নিরীহ মানুষ হত্যা করেছে তাদের বিরুদ্ধে সামাজিক ভাবে প্রতিরোধ গড়ে তুলে নির্মূলের ব্যবস্থা করতে হবে।'
মুসল্লিদের উদ্দেশ্যে রাশেদ খান মেনন বলেন, 'যারা ধর্মের, অপব্যাখ্যা দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদের বিষয়ে সর্তক হতে হবে। জঙ্গিগোষ্ঠী ধর্মকে কলুষিত করছে। আপনার সন্তানদের খোঁজ খবর রাখুন। আপনার সন্তান কার সাথে চলাফেরা করে সেদিকে নজর দিন। সামাজিক ভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে এদের প্রতিহত করতে হবে।'
এ সময়ে রাশেদ খান মেনন এ ঘটনার নিন্দা জানান এবং ঘটনায় তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত বিচারের দাবি জানান। রাশেদ খান মেনন হামলায় কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার ঘটনায় নিহত পুলিশ সদস্যের আত্মার মাগফিরাত কামনা করেন এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। খবর- বাসস।