উইম্বলডনের ফাইনালে সেরেনা

আরেকটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের দ্বারপ্রান্তে নারী টেনিসের শীর্ষ তারকা সেরেনা উইলিয়ামস। বৃহস্পতিবারের উইম্বলডন টেনিসের সেমিফাইনাল দাপটের সঙ্গেই পেরিয়েছেন এই মার্কিন তারকা।
 
রাশিয়ার ইলেনা ভেসনিনাকে ৬-২, ৬-০ গেমে উড়িয়ে দেন উইম্বলডনের ছয় বারের চ্যাম্পিয়ন। অপর সেমিফাইনালে সেরেনার বড় বোন ভেনাস উইলিয়ামসকে ৬-৪, ৬-৪ গেমে হারান কেরবার।
 
অস্ট্রেলিয়ান ওপেনের মতো এবার উইম্বলডনেও মেয়েদের এককের ফাইনালে মুখোমুখি হচ্ছেন সেরেনা উইলিয়ামস ও আঞ্জেলিক কেরবার। সেবার জিতেছিলেন জার্মান তারকা কেরবার। উইম্বলডনের ফাইনাল তাই সেরেনার জন্য প্রতিশোধের উপলক্ষই।
 
কেরবারের বিপক্ষে প্রতিশোধের কথা সরাসরি না বললেও যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা বুঝিয়ে দিয়েছেন, এবার আর খালি হাতে ফিরতে চান না তিনি। তিনি বলেন, ‘বিশ্বাসই করতে পারছি না এ বছর আমি ফাইনালে উঠেছি। এ বছর আমি ০-২ (অস্ট্রেলিয়া ও ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে হার)। তাই একটা জিততে আমি উন্মুখ হয়ে আছি।’