ভারতের মুম্বাইয়ে বিতর্কিত ইসলামি বক্তা জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের কার্যালয়ের বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।
ঢাকার গুলশানে হামলাকারীদের মধ্যে অন্তত দুইজন জাকির নায়েকের দ্বারা অনুপ্রাণিত ছিল বাংলাদেশের গণমাধ্যমে এমন খবর প্রচারিত হওয়ার পর তার বক্তব্য ও কার্যকলাপ ক্ষতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বৃহস্পতিবার জাকির নায়েকের বক্তব্য তদন্ত করার নির্দেশ দেন বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়েছে।
ভারতের কেন্দ্রীয় সরকারও জাকির নায়েকের বক্তব্যকে ‘আপত্তিকর’ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে 'যথাযথ পদক্ষেপ' নেওয়ার ইঙ্গিত দেয়।
জাকির নায়েক তার নিজের প্রতিষ্ঠিত পিস টিভিতে ধর্ম নিয়ে যে আলোচনা করেন। বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাতে চ্যানেলটি বিভিন্ন বক্তব্য ডাবিং করে বাংলা ভাষায় সম্প্রচার করে। ইসলামের যে ব্যাখ্যা তিনি সেসব বক্তৃতায় দেন, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বিভিন্ন সময়ে।
বিশ্বের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ওসামা বিন লাদেনকে সন্ত্রাসী হিসেবে বলতে অস্বীকার করেছিলেন তিনি। তার বক্তৃতায় উদ্বুদ্ধ হয়ে দক্ষিণ এশিয়ার বহু তরুণ জঙ্গিবাদে ঝুঁকছে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে মক্কা সফররত জাকির নায়েক বুধবার বলেছেন, ইসলাম ও সন্ত্রাস নিয়ে তার বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। তিনি শুধু বলেছেন, 'অসামাজিক কার্যকলাপের' বিরুদ্ধে মুসলিমদের 'সন্ত্রাসী' হওয়া উচিত।
বিষয়টি সামনে আসার পর ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজ্জু জানান, বাংলাদেশের অনুরোধ পেলে জাকির নায়েকের প্রতিষ্ঠান এমনকি তাকেও নিষিদ্ধ করার কথা ভবতে পারে ভারত।