বিএনপি নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ায় বিএনপির এক নেতাকে গলা কেটে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা। নিহত নিজাম উদ্দিন (৫৫) বগুড়া সদরের গোকুল ইউনিয়নের বাঘোপাড়া গ্রামের মৃত ইজ পাইকাড়ের ছেলে।
 
শুক্রবার সকালে বাঘোপাড়া ঈদগাহ মাঠের পাশের একটি গাছ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিজাম উদ্দিন গোকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ছিলেন।
 
জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে নিজাম উদ্দিন বাঘোপাড়া বন্দরে তার দোকান ‘নিজাম উদ্দিন গিফট কর্নার’ বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হন। এরপর রাতে তিনি বাড়ি ফেরেননি।
 
পুলিশ জানায়, সকাল ১০টার দিকে স্থানীয়দের খবরে ওই ঈদগাহ মাঠের পাশের একটি গাছ থেকে নিজামের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। লাশ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
বগুড়া সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তার গলায় এবং বুকে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।