হালদা নদীতে নৌকাডুবি, নিখোঁজ ৫

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় হালদা নদীতে যাত্রীবোঝাই নৌকাডুবির ঘটনায় কমপক্ষে পাঁচজন নিখোঁজ হয়েছে। নিখোঁজদের সন্ধানে নদীতে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ শুক্রবার সকাল ১১টার দিকে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
 
জানা গেছে, ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়ন থেকে যাত্রী নিয়ে হালদা নদী দিয়ে একটি নৌকা সুন্দরপুর ইউনিয়ন ঘাটে যাচ্ছিল। মাঝ নদীতে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি ডুবে যায়। 
 
নিখোঁজরা হলেন- উপজেলার ভুজপুর থানার পূর্ব সুয়াবিলের মৃত বজল আহমদের ছেলে নূরুল ইসলাম (৪৫), নূরুল আবছারের ছেলে আরমান (৮), মো.রুবেলের ছেলে ইমন (১৮) ও রহিম (১৩) এবং মো.হানিফের ছেলে রিজভি (১২)।
 
এদের সবার বাড়ি পূর্ব সুয়াবিল গ্রামে। ঈদুল ফিতর উপলক্ষে তারা আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে যাচ্ছিল বলে স্থানীয়রা জানিয়েছে।
 
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মীরা নৌকাডুবিতে নিখোঁজের সংখ্যা আরও বেশি হবে বলে ধারণা করছেন।