রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় আহত অবস্থায় আটক করা ওই রেস্তোরাঁর সহকারী বাবুর্চি জাকির হোসেন শাওনকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এর আগে পুলিশ প্রহরায় তার চিকিৎসা চলাকালে অবস্থার অবনতি হয়। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে লাইফ সাপোর্টে (আইসিইউতে স্থানান্তর) নেয়া হয়।
আইসিইউ’র কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
শাওনের বিরুদ্ধে পুলিশ জঙ্গি হামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ এনেছে।
তার মা মাহমুদা খাতুন দাবি করেছেন, শাওন ওই রেস্তোরাঁর সহকারী বাবুর্চি ছিলেন। হামলার দিন রাত সাড়ে তিনটার দিকে ওই রেস্টুরেন্ট থেকে মুক্তি পেয়ে বের হওয়ার সময় পুলিশ তাকে জঙ্গি সন্দেহে গুলি করে। গুলিতে শাওন আহত হয়ে পুলিশের হাতে আটক হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শাওন পুলিশ প্রহরায় চিকিৎসাধীন।