'যেকোনো মূল্যে ক্ষমতায় যেতে চান খালেদা জিয়া'

 
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, 'খালেদা জিয়া যেকোনো মূল্যে ক্ষমতায় যেতে চান। কাল (বৃহস্পতিবার) তার বক্তব্যে সেটিই প্রমাণিত হয়েছে। আর এজন্যেই তার উৎসাহে, প্রেসক্রিপশনে সন্ত্রাসী কার্যক্রম চলছে দেশে, তার বক্তব্যে সেটিই প্রমাণিত হয়েছে।'
 
আজ শুক্রবার বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
 
মাহবুব-উল-আলম হানিফ বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে সারাবিশ্বে আলোচনা হচ্ছে। সেখানে খালেদা জিয়া কীভাবে বলেন নির্বাচন দিলেই এসব বন্ধ হবে?
 
তিনি বলেন, এসব হত্যাকাণ্ডের সঙ্গে আন্তর্জাতিক কোনো সম্পর্ক নেই। খালেদা জিয়ার বক্তব্য অনুযায়ী তাদের সঙ্গেই সন্ত্রাসীদের সম্পর্ক, তা প্রমাণিত হয়েছে।
 
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রসহ সারাবিশ্বেই এ ধরনের ঘটনা ঘটছে। তাই বলে কেউ বলছে না যে নির্বাচন দিলেই এসব সমাধান হবে? এ ধরনের উসকানির মাধ্যমে খালেদা দেশের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন।