গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চাওচা গ্রামে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছে। এই ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে । আহতদের মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুকসুদপুর থানার ওসি (তদন্ত) জাফর মিয়া জানিয়েছেন, মুকসুদপুর উপজেলার চাওচা গ্রামে ওদুদ খান ওরফে জিন্না খানের সঙ্গে তার ভাই আবু বক্কার খানের পৈত্রিক জমিজমার ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে ওদুদ খান ওরফে জিন্না খান (৬৫) তাদের পৈত্রিক পুকুরে মাছ ধরতে গেলে আবু বক্কর খান এবং তার ছেলেরা বাধা দেয়। বাক বিতণ্ডার এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে । এ সংঘর্ষে ওদুদ খান ওরফে জিন্না খান (৬৫) সহ তার ৪ ছেলে আহত হয়। মারাত্মক আহত ওদুদ খান ওরফে জিন্না খান (৬৫) তার ৪ ছেলে কাইয়ুম খান (২৯), আবদুল কাদের খান জিলানী (১৯) আবদুল আলিম খানকে (১৭) মুকসুদপুর হাসপাতালে ভর্তি করার ৫ মিনিট পরে ওদুদ খান ওরফে জিন্না খান (৬৫) মুত্যুর কোলে ঢলে পড়ে।
মুকসুদপুর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা: সুমন দাস জানান, মাথায় গুরুতর আঘাত নিয়ে সকাল পৌনে নয়টার দিকে হাসপাতালে এলে তার মাথায় ব্যান্ডেজ, ড্রেসিং ইত্যাদি প্রাথমিক কার্যক্রম শেষে হাসপাতালে ভর্তির ৫ মিনিট পরেই মারা যায়।
মুকসুদপুর থানার ওসি আরও জানান, মাছ ধরার বিরোধে বৃদ্ধ খুন হওয়ায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে রয়েছে।