ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পৃথক ঘটনায় অজ্ঞাত যুবকসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, ঈদের পরদিন শুক্রবার বিকালে উপজেলাধীন ঢাকা-খুলনা বিশ্ব রোডের মালিগ্রাম বাসস্ট্যান্ডে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র রনি মুন্সি (১৫) নিহত হয়। সে ভাঙ্গা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। সে পৌরসদরের ওমর আলী মুন্সির ছেলে।
পরিবারের পক্ষ থেকে বলা হয়, ঈদের পরদিন মোটরসাইকেলে করে তিন বন্ধু বেড়াতে বেরিয়েছিল। অপর দুই বন্ধু পিয়াল (১৪) ও মহাদেব (১৫) গুরুতর আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অপরদিকে শুক্রবার সন্ধ্যায় গঙ্গাধরদী গ্রামে কুমার নদী থেকে অজ্ঞাত যুবকের (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।
ঈদের আগে মঙ্গলবার সকালে মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে ঢাকাগামী একটি বাস ও বিপরিতগামী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। হাইওয়ে পুলিশ মাইক্রোবাসের ভেতর থেকে চালক দিদার সেকের (২৫) লাশ উদ্ধার করে। তিনি ফরিদপুর জেলার সালথা থানার পাচু সেকের ছেলে।
থানার উপ-পরিদর্শক বাসার এসব লাশ উদ্ধারের কথা স্বীকার করেছেন।