আবারো উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। বিবিসি দক্ষিণ কোরিয়ার সামরিক বিভাগের বরাত দিয়ে জানায়, সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি তার গতি পথেই ধ্বংস হয়ে যায়। তিন মাস পূর্বে সাবমেরিন থেকে আরো একবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের চেষ্টা করেছিল উত্তর কোরিয়া। সেবারও তাদের পরীক্ষা ব্যর্থ হয়ে যায়।
এদিকে উত্তর কোরিয়ার যে কোন ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ রাখার নির্দেশনা ছিল জাতিসংঘের। কিন্তু জাতিসংঘের সেই নির্দেশ অমান্য করে এরই মধ্যে বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এর মধ্যে অধিকাংশ পরীক্ষা ব্যর্থ হলেও মাঝারি আকারের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফল হওয়ার ঘোষণা দিয়েছিল দেশটির সর্বোচ্চ নেতা কিম জঙ-উন। তিনি জানিয়েছিলেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র জাপানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম।
এদিকে উত্তর কোরিয়ার এরূপ আগ্রাসনের পর ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা পাওয়ার প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের জন্য দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র। বিবিসি।