দক্ষিণ সুদানে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে গোলাগুলি

 
দক্ষিণ সুদানের রাজধানী জুবায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। সাবেক বিদ্রোহীদের সঙ্গে বন্দুকযুদ্ধে পাঁচ সৈন্য নিহত হওয়ার একদিন পর শুক্রবার এই ঘটনা ঘটল।
 
প্রেসিডেন্ট সালভা কির ও তার ডেপুটি সাবেক বিদ্রোহী নেতা রিক ম্যাচার কম্পাউন্ডে মিডিয়ার সামনে বক্তৃতা দেয়ার প্রস্তুতি নেয়ার সময় এই গোলাবর্ষণ করা হয়। প্রাসাদের বাইরে প্রায় ৩০ মিনিট ধরে গোলাগুলি হয়।
 
মাচারের মুখপাত্র জেমস গ্যাজেট ডাক এক বিবৃতিতে বলেন, উভয় পক্ষের মধ্যে তুমুল লড়াই হয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
 
তিনি আরো বলেন, দুই নেতা সকলের প্রতি শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। পরিস্থিতি শান্ত হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।
 
বৃহস্পতিবার সাবেক বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ৫ সৈন্য নিহত হয়েছে।
 
গত বছরের আগস্ট মাসে উভয় পক্ষের মধ্যে শান্তি চুক্তি হওয়ার পর এটাই তাদের মধ্যে প্রথম সংঘর্ষের ঘটনা।
 
এদিকে সেনাবাহিনীর মুখপাত্র লুল রুয়াই কোয়াং বলেছেন, নগরীর গুদেলে এলাকার একটি চেকপয়েন্টে এক হামলার ঘটনায় দুই সৈন্য আহত হয়েছে। খবর: এএফপি।